যৌতুকের দাবি, অাবারো গৃহবধূ খুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০৮ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১২:৩৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার
চট্টগ্রামে যৌতুকের দাবিতে রোকেয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে। শ্বশুর বাড়িতে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম একই এলাকার পারভেজ হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন।
রফিকুল হোসেন বলেন, চূড়ামনি গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তা জানা যাবে।
তিনি জানান, এ ঘটনায় ওই গৃহবধূর ভাই মহিউদ্দিন বাদি হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তার স্বামী পারভেজ পলাতক রয়েছেন।
মামলায় যৌতুকের দাবিতে এ গৃহবধূকে খুন করার কথা উল্লেখ রয়েছে।
