ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৮:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

’বাংলা সিরিয়াল’ নিয়ে ক্ষুব্ধ মমতা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০১:৪৫ এএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিভিশন দেখতে ভালোবাসেন, সেটা কারও অজানা নয়। রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে, অবসর সময়ে তিনি নিয়মিত বাংলা ধারাবাহিক দেখেন।

 

পশ্চিমবঙ্গের টেলিজগতের উন্নয়নের জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন ২০১১ সালে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই। তার পৃষ্ঠপোষকতাতেই শুরু হয়েছে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। সেই টেলিভিশনপ্রিয় মুখ্যমন্ত্রীই শুক্রবার টিভিতে তীব্র সমালোচনা করলেন সাম্প্রতিক বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলোর।

 

তিনি বলেন, আজকাল যা দেখানো হয়, কারও বাবার পরিচয় জানা নেই, এটা এক এক জনের তিনটা বউ। নয়তো কেউ কাউকে বিষ খাইয়ে দিচ্ছে, কূটকচালী করছে। যেন কৈকেয়ী-মন্থরার যুগ। এই সব জিনিস খুব খারাপ প্রভাব ফেলছে মানুষের মনে। এই খারাপ খারাপ জিনিসগুলো যারা জানে না, তাদের মনে ঢুকিয়ে দিচ্ছে।

 

টিভি সামিটের এই অনুষ্ঠানে বিভিন্ন বিনোদন চ্যানেলগুলোর প্রতিনিধিরা যেমন ছিলেন তেমনই রাজ্যজুড়ে কেবল টিভি অপারেটর ও এমএসও-দের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন। পাশাপাশি বাংলা ছবি ও টেলিজগতের তারকারাও উপস্থিত ছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই বৈঠকে।

 

তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ব্রডকাস্টারদের উদ্দেশে বলেন, ধারাবাহিকের বিষয়বস্তু সম্পর্কে আরও সচেতন হতে হবে। তবে একইসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়া কনটেন্টের দিকেও আঙুল তোলেন।

 

তিনি বলেন, আজকাল ইউটিউবে যা সব দেখা যায়, আমরা তাও সহ্য করে নিতে পারি। পুরনো দিনের মানুষ হলে তো তারা সহ্য করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর এই গঠনমূলক সমালোচনাকে বাংলা টেলিদর্শকের অনেকেই সাধুবাদ দিয়েছেন।

 

কারণ বিগত কয়েক বছর ধরেই ধারাবাহিকের বিষয়বস্তু নিয়ে আলোচনা সমালোচনা চলছিল পুরো দমে। কিন্তু তারপরও প্রায় সব ধারাবাহিকেই শেষমেশ সেই চেনা গল্পই দেখা যায়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সমালোচনায় কিছুটা হলেও টনক নড়বে বাংলা টেলিভিশন সিরিয়াল নির্মাতাদের।