সানিয়া মির্জা মা হচ্ছেন
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ০২:২২ এএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার
ভারতিয় টেনিসকন্যা সানিয়া মির্জা মা হচ্ছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সানিয়ার বাবা ইমরান মির্জাও জানিয়েছেন একই কথা।
‘হ্যাসট্যাগ বেবিমির্জামালিক’ সংবলিত টুইট করার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন পাকিস্তানি ক্রিকেট সুপারস্টার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সানিয়ার মা হওয়ার বিষয়ে তার বাবাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটি সত্য। সানিয়া ও শোয়েব গত বছর অক্টোবর থেকেই একটি সন্তান আশা করছিলেন। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছর অক্টোবরের মধ্যেই সানিয়া ও শোয়েবের সন্তান পৃথিবীর আলো দেখবে।’
সম্প্রতি ভারতের গোয়ায় ‘গোয়া ফেস্ট ২০১৮’ এর একটি অনুষ্ঠানে সানিয়া মির্জার সন্তানের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। একটি প্রশ্নের উত্তরে সানিয়া বলেছিলেন, তাদের সন্তানের নামের শেষে তাদের দুজনের নাম সংযুক্ত থাকবে। সানিয়ার টুইটেও পাওয়া গেল সেই চিত্র। টুইটারে তিনি যে ছবি দিয়েছেন সেখানে তার অনাগত সন্তানের নামের শেষে ঠিকই মির্জা মালিক লিখেছেন।
