ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৭:০৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা ভবিষ্যত প্রজন্মের সুন্দর জীবনের নিয়ামক : ড. শিরীন শারমিন

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ৬ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ৬ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, (ঢাকা) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা ভবিষ্যত প্রজন্মের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের অন্যতম নিয়ামক। মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন বর্তমান বিশ্ব জনস্বাস্থ্যের অন্যতম লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় সংসদের স্পিকার আজ সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (সিআইসিজি) অনুষ্ঠেয় দু’দিনব্যাপী ’স্টেকহোল্ডর মিটিং- অ্যাকাউন্টেবিলিটি ফর ওমেন্স এন্ড চিলড্রেন্স হেলথ’ এর প্রথম দিনের প্রথম সেশনের প্যানেল আলোচনায় প্রধান প্যানেলিষ্ট হিসেবে এ কথা বলেন। ’সেটিং দ্যা সিন:ওমেন্স এন্ড চিলড্রেন্স হেলথ; হ্যোয়ের আর উই নাও এন্ড হাউ ডু উই মুভ দ্যা এজেন্ডা ফরোয়ার্ড বিয়ন্ড ২০১৫’ শীর্ষক প্যানেল আলোচনায় স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন বলেন, এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং দারিদ্র বিমোচনে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘ ’সাউথ সাউথ’ অ্যাওয়ার্ডসহ অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। স্পিকার বলেন,’দরিদ্রবান্ধব এবং পল্লীবান্ধব নীতি গ্রহণের ফলে দেশের স্বাস্থ্য এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ অভাবনীয় অগ্রগতি লাভ করেছে। শুধুমাত্র স্বাস্থ্যখাতই নয়, সামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। তিনি স্বাস্থ্যখাতসহ সকলক্ষেত্রে ধনী-গরিবের বৈষম্য,জেন্ডার বৈষম্য ও জীবনমানের বৈষম্য দূর করার আহবান জানান। ওয়াল্ড হেলথ অর্গানাইজেশন’র (ডব্লিউএইচও) আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার ৬ ও ৭ নভেম্বর জেনেভায় অনুষ্ঠেয় ষ্টেক হোল্ডার মিটিংয়ে অংশগ্রহণ করছেন। ০৬.১১.২০১৪