ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৪৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতা : অনুরাধাকে উপাচার্য পদে চায় না প্রেসিডেন্সির শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কলকাতার স্বনামখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে অনুরাধা লোহিয়ার পদের মেয়াদ শেষ হতে চলেছে আগামী পহেলা মে৷ তবে, তাকে আর উপাচার্য পদে চাইছেন না সেখানকার শিক্ষার্থীরা।

 

সোমবার সংবাদ সম্মেলনে বসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আইসি। এই সম্মেলনে আইসির প্রধান দাবি, অনুরাধা লোহিয়াকে পুনরায় যেন উপাচার্য পদে নিয়োগ না করা হয়৷ তার জন্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছে এই ছাত্র সংগঠন৷

 

এ দিনের সম্মেলনে উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছে আইসি৷ অভিযোগ, অনুরাধা লোহিয়ার চার বছরের সময়কালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবনতি ঘটেছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্তর ভয়ে তটস্থ হয়ে রয়েছে৷ অধ্যাপকরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন৷ অশিক্ষক কর্মচারীরা বিভিন্ন চাপের মধ্যে রয়েছেন৷ অংশীদারদের সঙ্গে কর্তৃপক্ষের সম্পর্কেরও অবনতি ঘটেছে৷ সব মিলিয়ে চার বছর ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ‘রামরাজত্ব’ চলার অভিযোগ করেছে আইসি৷

 

অভিযোগের তালিকায় ২০১৬-’১৭-র ন্যাক রিপোর্টের উল্লেখও রয়েছে৷ এই মূল্যায়ণে ‘গভর্নেন্স, লিডারশিপ এবং ম্যানেজমেন্ট’ বিভাগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পাঁচ এর মধ্যে ২.৭০ পেয়েছে৷ ন্যাকের এই রেটিংয়ের সঙ্গে সহমত প্রকাশ করেছেন আইসির সদস্যরা৷ তাঁদের মতে, অনুরাধা লোহিয়ার নেতৃত্বাধীন প্রশাসন পুরোপুরি ব্যর্থ৷

 

তবে, শুধু প্রশাসন নয়৷ এ দিনের বৈঠকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যার কথা তুলে ধরা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষাগত উৎকর্ষতা থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা, সব বিষয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই পড়ুয়ারা৷ আইসির সদস্য সায়ন চক্রবর্তী বলেন, ‘‘প্রেসিডেন্সির স্বার্থেই আমরা চাইছি অনুরাধা লোহিয়াকে যাতে আর পুনর্বহাল না করা হয়৷’’

 

ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখার বক্তব্য একই৷ এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার বলেন, ‘‘অনুরাধা লোহিয়াকে ফের উপাচার্য পদে নিয়োগ করা হোক, আমরা কেউই চাই না৷’’

 

বর্তমান উপাচার্য হিসাবে আগামী পয়লা মে অনুরাধা লোহিয়ার পদের মেয়াদ শেষ হচ্ছে৷ পরবর্তী উপাচার্যর জন্য গঠিত হয়েছে তিন সদস্যের সার্চ কমিটি৷ এই কমিটিতে রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান বেদ প্রকাশ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন ডিরেক্টর জেনারেল নির্মল বসু৷

 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে বিজ্ঞাপন৷ কিন্তু, কোনও পরিস্থিতিতেই অনুরাধা লোহিয়াকে আর উপাচার্য হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আইসি এবং এসএফআইয়ের সদস্যরা দেখতে চাইছেন না বলে সোমবার জানানো হয়েছে৷