ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১২:৩৯:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রেনের ছাদে দুই ছিন্নমূল শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

চট্টগ্রাম আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে অজ্ঞাত পরিচয় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুদের পাশে আহত এক শিশুকেও উদ্ধার করা হয়েছে। এরা সবাই ছিন্নমূল শিশু। 

 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছালে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। ট্রেনে ছাদে লাফালাফি করার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তারা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

 

মঙ্গলবার ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাতে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে। এরপর তল্লাশির সময় দুটি শিশুর মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। পাশে হাতে আঘাত পাওয়া আট বছরের রায়হান নামে আরেক শিশুকেও পাওয়া যায়।

 

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, আহত রায়হান জানিয়েছে তারা ছিন্নমূল শিশু। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে পৌঁছলে ওই  পাঁচ শিশু ছাদে উঠে বসে। ফেনী স্টেশনের কাছাকাছি গেলে ছাদে লাফালাফি করার সময় একটি ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুইজন পড়ে যায়। দুইজন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় রাখা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।