ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২৩:৩৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:০৭ এএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে সিডনি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

শেখ হাসিনা সিডনীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার সঙ্গে গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’ বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই সম্মাননা পদকে ভূষিত করেছে।

গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

প্রধানমন্ত্রী সফরকালে আগামী ২৮ এপ্রিল শনিবার অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়াও অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল গিয়ে সৌজন্য সাক্ষাত করবেন।

শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগামী ২৯ এপ্রিল অষ্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে।