পাকিস্তানে বিয়েতে রাজি না হওয়ায় মেয়েকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
পাকিস্তানের পাঞ্জাবে বিয়েতে রাজি না হওয়ায় নিজের মেয়েকে হত্যার পর পুড়িয়ে ভস্ম করেছেন এক নিষ্ঠুর বাবা। এই ভয়ঙ্কর কাজে তাকে সহায়তা করেছে তার নিজের ছেলে ও ভাই। এই নির্দয় ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাটে।
জানা গেছে, সানা শিমার জন্ম পাকিস্তানে হলেও বড় হয়েছেন ইতালিতে। দেশটিতে রয়েছে তার বয়ফ্রেন্ড। তবে বাবা-মার ইচ্ছে ওই বয়ফ্রেন্ড নয়, নিজ দেশের স্বজাতি ও পরিবারের পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেবেন শিমার। কিন্তু শিমা রাজি না হওয়ায় সম্মান রক্ষার নামে নিজ মেয়েকে খুন করেন ওই বাবা-ভাই ও কাকা। শুধু খুন-ই নয়, পরে আগুন ধরিয়ে ভস্ম করে দেওয়া হয়েছে তার মৃতদেহ।
২৬ বছর বয়সী শিমার ভস্ম হওয়া দেহ পরবর্তীতে কবর দেওয়া হয় পশ্চিম মঙ্গলের একটি নির্জন জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিমা হত্যার বিষয়টি ভাইরাল হওয়ার পর মাঠে নেমে তদন্ত শুরু করে পুলিশ।
পরে পুলিশ জানায়, শিমার বাবা গোলাম মোস্তফা মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিলেন। তবে শিমা ইতালিতে বিয়ে করতে চেয়েছিলেন। মেয়ের সঙ্গে তর্কে কুলিয়ে উঠতে না পেরে ছেলে আদনান মোস্তফা, এবং ভাই মাজহার ইকবালকে খবর দেন গোলাম মোস্তাফা। এরপর তিনজনে মিলে খুন করেন তাকে।
এদিকে শিমা খুন হওয়ার বেশ কয়েক দিনে পেরিয়ে গেলেও অভিযুক্তদের এখন পযন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
