আজ বিশ্ব মেধা সম্পদ দিবস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার
বিশ্ব মেধা সম্পদ দিবস আজ বৃহস্পতিবার। ’ক্ষমতায়নে পরিবর্তন উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী‘- এই প্রতিপাদ্যে এ বছর পালিত হচ্ছে দিনটি।
প্রতি বছরের মতো এবারও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর-ডিপিডিটি।
এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি বাণীতে বলেন, উদ্ভাবনী শক্তি ও সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই বাংলাদেশ সৃজনশীল দেশ হিসেবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াবে। উদ্ভাবনী সৃজনশীলতায় যেমন পুরুষের ভূমিকা আছে, তেমনি আছে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা।
অন্যদিকে সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা সমান।
