১৮ ডিসেম্বর দেশে ফিরছেন সেব্রিনা ফ্লোরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। তিনি দেশে ফিরে আসবেন চলতি মাসের ১৫ থেকে ১৮ ডিসেম্বর আশা করছেন তার পরিবার। ডা. ফ্লোরার পরিবারিক সূত্রে এ কথা জানা গেছে।
এছাড়াও আজ শনিবার তার পরিবারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের একধিক সুত্রে আরও জানানো হয়, ডা. মীরজাদী সেব্রিনা ভালো আছেন। তার জ্বর নেই। চিকিৎসকেরা তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন । তিনি এখন হাটাচলা ফেরাসহ স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং টেলিভিশন দেখছেন।
আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টমি করা হয়েছিল। তাকে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
মহামারির শুরু দিকে তিনি ছিলেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক। তিনি সেই সময় প্রতিদিন দুপুর ১২টায় মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে দেশবাসিকে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন। নির্দিষ্ট সময়ে উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের কারণে মীরজাদী সেব্রিনা জনপ্রিয় হয়ে ওঠেন।
