প্রধানমন্ত্রী সিডনি পৌঁছেছেন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:০৬ এএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ০১:৩৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি পৌঁছিছেন। তিন দিনের সরকারি সফরে সেখানে তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে এ সফরে শেখ হাসিনা নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) শুক্রবার অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং কসোভোর সাবেক প্রেসিডেন্ট এতিফেত জাহজাগারের সঙ্গে এই গ্লোবাল উইমেন’স লিডারশিপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পদক দিচ্ছে। প্রধানমন্ত্রী তার এই সফরকালে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়াজের একটি নিয়মিত ফ্লাইট স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় (বাংলাদেশ সময় ভোর ৩টা) কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে পৌঁছায়। এ সময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী সিডনি যাবার পথে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দু’ঘণ্টার যাত্রা বিরতি করেন। থাইল্যান্ডের স্থানীয় সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের প্রধানমন্ত্রী কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী কোবোসাক পুত্রাকুল এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম তাকে স্বাগত জানান।
শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতির পিতার বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী প্রমুখ।
সূত্র জানায়, এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন। প্রধানমন্ত্রী আগামী ২৮ এপ্রিল শনিবার অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়াও অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল গিয়ে সৌজন্য সাক্ষাত করবেন। শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেল-এ একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগামী ২৯ এপ্রিল অষ্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার কথা রয়েছে।
