তাজমহল দখলে চলছে লড়াই
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ১১:২২ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
মমতাজ-শাহ জাহানের প্রেমের প্রতীক তাজমহল দখল নিতে চলছে লড়াই। তাজমহলের দখল নিতে আগ্রহী আইটিসি এবং জিএমআর এই দুই বাণিজ্যিক গোষ্ঠী৷ ইতিমধ্যেই দিল্লির লালকেল্লার দখলে এসেছে ডালমিয়া ভারত গোষ্ঠীর৷
ভারতের ইতিহাসে এটাই প্রথম, যেখানে ৭৭ বছরের পুরনো কর্পোরেট হাউস পাঁচ বছরের জন্য দত্তক নিয়েছে দিল্লির লাল কেল্লা৷ এবার অনেকেই তাকিয়ে আছেন তাজমহলের ভবিষ্যত কি হয় তা দেখার জন্য৷
পর্যটন বিকাশের কথা ভেবে গত বছর পর্যটন মন্ত্রক এভাবে ঐতিহ্য দত্তক (Adopt a Heritage) নেওয়ার প্রকল্প চালু করেছে৷ যারফলে সরকারি এবং বেসরকারি সংস্থাকে এদেশের ঐতিহাসিক স্মারক সংরক্ষণে কাজে লাগান হচ্ছে৷
এই পথে হেঁটে মোদী সরকার দেশের ১০৫টি ঐতিহাসিক স্মারককে ‘অ্যাডপ্ট আ হেরিটেজ’ প্রকল্পের আওতায় আনতে চেয়েছেন।
তবে লালকেল্লা একেবারে প্রতিদ্বন্দ্বীবিহীন ভাবে ডালমিয়াদেরর দখলে এসেছে তা নয়৷ ইন্ডিগো এয়ারলাইনস্ এবং জিএমআর গোষ্ঠীকে টেক্কা দিয়ে তবেই তা ডালমিয়া গোষ্ঠীর হাতে এসেছে৷ ২৫ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য এই দায়িত্ব মিলেছে৷ তেমনই তাজমহলের মতো ঐতিহাসিক পর্যটনস্থলটির দখল নিতে যে জোরাল প্রতিযোগিতা হবে তা বলাই বাহুল্য৷ সেখানে দেখা গিয়েছে চূড়ান্ত পর্যায়ে লড়ছে জিএমআর স্পোর্টস এবং আইটিসি।
