ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই শিশু নিয়ে জাপানি মায়ের পালানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আলোচিত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে জাপানে পালিয়ে যাওয়ার সময় তাদের মা জাপানি নারী নাকানো এরিকোকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পুলিশ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে তিনি দুই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পরে আদালতের কাগজপত্র দেখে তাদের ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে দুই শিশুর বাবা ইমরান শরীফ জানান, উচ্চ আদালতের নির্দেশনা আছে, দুই শিশুকে কখনোই তাদের মা জাপানে নিয়ে যেতে পারবেন না।

তিনি আরও জানান, এ বছরের মাঝামাঝি তাদের মা উচ্চ আদালতে একটি রিট করেছিলেন। সেখানে গ্রীষ্মের ছুটিতে দুই শিশুকে জাপানে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দেন। এরপর থেকে দুই শিশু কখনো মা আবার কখনো বাবার জিম্মায় ঢাকায় বড় হচ্ছিলেন।

ইমরান শরীফ আরও জানান, গতকাল আমার কাছে একটি সংবাদ আসে যে, আমার দুই মেয়েকে নিয়ে জাপানে পালানোর উদ্দেশে বিমানবন্দরে গেছেন তাদের মা। বিষয়টি তৎক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে তাদের আটকে দেয়। এরপর আমি উচ্চ আদালতের নির্দেশনার কাগজপত্র নিয়ে গেলে তাদের ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিনটি মেয়েসন্তান আছে। শিশুদের বয়স যথাক্রমে ১১, ১০ ও ৭ বছর।

গত ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান। পরে ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি।

এদিকে ১৮ জুলাই ছোট মেয়েকে তার নানির কাছে রেখে বাংলাদেশে আসেন এরিকো। বাংলাদেশে এসে ১৯ আগস্ট দুই শিশুকে ফেরত নিতে হাইকোর্টে রিট করেন এরিকো।