ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাসস

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমি একটি সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

রাষ্ট্রপতি বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীরা সারাবিশ্বে মহামতি যীশুখ্রিস্টের শুভ জন্মদিনকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্ট ধর্মানুসারে যীশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী, মানব জাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে তিনি বহু ত্যাগের বিনিময়ে সৃষ্টিকর্তার মহিমা ও শান্তির বাণী প্রচার করেন।

তিনি বলেন, পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আসার আহ্বান জানান। মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন। ‘শুভ বড়দিন’ খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সবার জন্য বয়ে আনুক অশেষ আনন্দ ও কল্যাণ, সবার জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে।


আবদুল হামিদ আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।

বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের জন্য আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানটি রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের গ্যালারি হলে শুরু হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিন বঙ্গভবনে ৩০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংশ্লিষ্ট আইন প্রণেতা ও সচিবগণ, বিভিন্ন বিদেশি মিশনের কয়েকজন রাষ্ট্রদূত এবং প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন।