ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২২:০৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সিডনী ছেড়েছেন

বাসস

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে অস্ট্রেলিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান।


সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ তে ভূষিত করা হয়।


প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।


প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘন্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি করবেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীবাহী বিামানটির আজ মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


শেখ হাসিনা শুক্রবার সিডনী আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন এবং সেখানে অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।


যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই সম্মাননায় ভূষিত করে।


প্রধানমন্ত্রী সফরকালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনীতে সাক্ষাত করেন।


শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং হোটেল সোফিটেল-এ প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে যোগ দেন।