ফিরে দেখা ২০২২: বছরজুড়ে আলোচনায় ছিল যে সব ঘটনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
স্বপ্নের পদ্মা সেতু
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে বাংলাদেশ। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। এ সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোট ২১টি জেলাকে সড়কপথে সরাসরি সংযুক্ত করেছে। পদ্মা নদীতে প্রবাহিত পানির পরিমাণ, নদীর গভীরতা ও প্রশস্ততা এবং তলদেশে মাটির ধরন- এসবের কারণে এর ওপর সেতু নির্মাণ করা ছিল চ্যালেঞ্জিং। ২০১২ সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। যদিও কানাডার আদালতের রায়ে জানা যায়, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণ করে মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার কথা বিশ্ব মিডিয়ায় আলোচিত ও প্রশংসিত হয়।
মেট্রোরেল যুগে বাংলাদেশ
বছরের শেষ সপ্তাহে ঢাকায় চালু হয় মেট্রোরেল লাইন-৬। এর মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশ করল দেশ। যানজটের নগরীতে ঠিক সময়ে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা দেখাচ্ছে আধুনিক এই গণপরিবহন।
জাপানের আর্থিক ও কারিগরি সহযোগিতায় উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের এ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। উদ্বোধন হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। মেট্রোরেল নির্মাণের মূল কাজ শুরু হয় ২০১৬ সালে। মেট্রোরেলে পরিবেশ দূষণ নেই বললেই চলে। এটি বিদ্যুৎচালিত গণপরিবহন।
টিকা চ্যাম্পিয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৮ এপ্রিল ২০২২ জার্মানি ও ভ্যাকসিন অ্যালায়েন্স Global Alliance for Vaccines and Immunization (GAVI) আয়োজিত Gavi COVAX AMC Summit : Break COVID Now-2022 শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টিকা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। করোনা টিকার কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়। এ ছাড়া এ বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF)।
জাতীয় স্লোগান জয় বাংলা
২০ ফেব্রুয়ারি ২০২২ মন্ত্রিসভার বৈঠকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটি ২ মার্চ ২০২২ গেজেট আকারে প্রকাশ হয়। ৪ জানুয়ারি ১৯৭০ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি প্রথম জনসম্মুখে ধ্বনিত হয়। ৭ জুন ১৯৭০ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আওয়ামী লীগের সভা ছিল। এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ মুখে উচ্চারণ করেন ‘জয় বাংলা’।
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা
নেপালকে ৩-১ গোলে ধসিয়ে দিয়ে সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। গোটা টুর্নামেন্টেই বাংলাদেশের নারীরা দাপটের সঙ্গে খেলেছেন। টুর্নামেন্টে তারা ছিলেন অপরাজিত। নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে নাজেহাল হয় নেপালের রক্ষণভাগ। ১৩ মিনিটে সূচনা গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ৪০তম মিনিটে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করে হাফ টাইমের আগেই ২-০ ব্যবধান গড়ে দেন কৃষ্ণা রানি সরকার। পরবর্তীতে ৬৯ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠাতে সক্ষম হয় নেপালের আনিতা বাসনেট। এতে ব্যবধান কমলেও শেষ সময়ে কৃষ্ণা রানি সরকারের গোলে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। বাংলার নারীদের এই জয় উদযাপনে মুখিয়ে ছিল দেশ। ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের সংবর্ধনা জানাতে ছুটে আসে হাজার হাজার মানুষ। দেশজুড়ে চলে এই শিরোপা উৎসব।
প্রধানমন্ত্রীর ভারত সফর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যান ৬ সেপ্টেম্বর। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার প্রশ্নে আলোচনার পর সফরে সাতটি সমঝোতা স্মারক সই হয়। কুশিয়ারা নদীর পানি ব্যবহারসংক্রান্ত স্মারকটি সবার দৃষ্টি আকর্ষণ করে। সফরে বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।
শতভাগ বিদ্যুতায়নে বাংলাদেশ
দুর্গম পাহাড় থেকে শুরু করে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল- সবখানে পৌঁছে গেছে আলোর ছোঁয়া। ২১ মার্চ দেশের বৃহত্তম ১ হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মুজিববর্ষে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার অঙ্গীকার বাস্তবায়ন করে সরকার। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে ঘোষণা দিতে পারল। স্বাধীনতার পর ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের জনগোষ্ঠীর ৪৭% বিদ্যুতের আওতায় ছিল। এরপর গত এক যুগে বাকি ৫৩% মানুষ বিদ্যুৎ সংযোগের আওতায় আসে।
বিশ্বসেরা গবেষক বাংলাদেশের দুই শিক্ষক
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রাসুল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র পাল। বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ের’ ও যুক্তরাষ্ট্রের ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র ২০২১-২২ সালের বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় ওঠে তাদের নাম।
