ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২১:৫৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারীর উন্নতি না হলে দেশ উন্নত হবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২ মে ২০১৮ বুধবার | আপডেট: ১২:১৩ এএম, ৩ মে ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নারীরা এখন অনেক এগিয়ে গেছে। নারীদের যদি অর্থ ও শিক্ষায় উন্নত করতে না পারি তবে দেশ উন্নত হতে পারে না। তাই নারীদের উন্নয়নে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।


সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের উল্লেখযোগ্য বিষয় দেশবাসীকে জানাতে গণভবনে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। আজ বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সফর একটি সফল কূটনৈতিক সফর। বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশিদের আমন্ত্রণ জানাই। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় ভূয়সি প্রশংসা করা হয়।

তিনি বলেন, আমি ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছি। বাংলাদেশের নারীসহ বিশ্বে সকল নারী সমাজকে উৎসর্গ করেছি এটি।

গত ২৯ এপ্রিল বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে (গ্লোবাল সামিট অন উইমেন) যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক ওই সম্মেলনে যোগ দিতে ২৭ এপ্রিল সিডনিতে যান তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার বাতিল করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ধরনের ক্ষোভ থেকে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়নি। ছাত্ররা কোটা ব্যবস্থা বাতিল চেয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে এখন প্রশ্ন আনার দরকার কী?

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন রয়েছে।


তিনি বলেন, সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এই সফরকে আমার সরকারের কূটনৈতিক সাফল্য বলে মনে করি।


সফরে নরেন্দ্র মোদি, জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনার কথা বলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব সম্প্রদায়। এছাড়া বিশ্বদরবারে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরা হয়েছে।


শেখ হাসিনা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা আমাদের দেশে এসেছেন, তাদের মনোভাব অত্যন্ত ইতিবাচক, তারাও চান মিয়ানমার থেকে যে ১১ লাখ মানুষ এসেছে, তারা সেখানে ফিরে যাক।


ছাত্রলীগের আসন্ন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে সরকারপ্রধান বলেন, ছাত্রলীগের নতুন নেতৃত্ব গঠনে নির্বাচনের নিয়ম আছে। সে জন্য প্রার্থীদের আবেদন নেয়া হয়েছে। প্রথমে সমঝোতার চেষ্টা করা হয়, সেটা না হলে নির্বাচন হয়। সমঝোতা হয়ে গেলে প্রেস রিলিজের মাধ্যমে তা ঘোষণা করা হবে।


তারেক রহমানকে যুক্তরাজ্যের লন্ডন থেকে কবে ফিরিয়ে নিয়ে আসা হবে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সাজাপ্রাপ্ত আসামি তারেকের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছি। নিশ্চয়ই আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসব।


সরকারপ্রধান বলেন, আমরা অনেক দেশ থেকে এ ধরনের আসামি নিয়ে আসি। সাজাপ্রাপ্ত আসামি তারেকের বিষয়েও আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করছি।


তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন করায় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের একজন সাজাপ্রাপ্ত আসামিকে তারা চেয়ারপারসন করল। বিএনপি নাকি সবচেয়ে বড়, জনপ্রিয় দল, তাদের দলে কি একজন যোগ্য লোকও নেই? এ ধরনের সাজাপ্রাপ্ত আসামিকে তারা চেয়ারপারসন করে? এ ধরনের রাজনৈতিক দেউলিয়া দল আর নেই।’


গত রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেন। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে যুক্তরাজ্য ও সৌদি আরব সফর করেন শেখ হাসিনা। ওই দুই দেশ সফরেও পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।