চট্টগ্রামে স্ত্রীকে গলাকেটে হত্যা করলেন স্বামী
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৪ এএম, ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি
চট্টগ্রামের হালিশহরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম রাবেয়া আক্তার (২৫)। শনিবার রাত ৯টার দিকে হালিশহর থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আব্দুল মালেকেরে বাসায় এ ঘটনা ঘটে। স্বামী মো. জামিন ঘটনার পর থেকে পলাতক আছে। নিহত রাবেয়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে।
এ ব্যাপারে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর রুমের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাবেয়া আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন বলেন, রাবেয়া আক্তারকে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
