ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাথরঘাটায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় খেলতে গিয়ে আগুনে পুড়ে ফারজানা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফারজানা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ও একই এলাকার ফারুক খানের মেয়ে।

সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জানা যায়, শিশুটির মা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করেন। ফারজানা তার বাবার সঙ্গে দাদা বাড়িতে থেকে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সোমবার দুপুর ১২টার দিকে স্কুলের পরিত্যক্ত ভবনে ময়লার স্তুপে দেওয়া আগুনের পাশে খেলতে গিয়ে দগ্ধ হয় শিশু ফারজানা। বিষয়টি দেখে স্থানীয় এক ব্যক্তি ফারজানাকে নিয়ে পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়াওয়া হয়। শিশুটির দেহের ৯০ ভাগ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

স্কুলের শিক্ষিকা সালমা আক্তার বলেন, ফারজানা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ওদের ক্লাস ছুটি হয় বেলা সাড়ে ১১টার দিকে। তবে ফারজানা বাড়িতে না গিয়ে স্কুল মাঠে খেলা করছিল। দ্বিতীয় শিফট ১২টায় শুরু হলে আমরা ক্লাসে চলে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিচে নেমে ফারজানাযর গায়ে আগুন জ্বলতে দেখি। তাৎক্ষণিকভাবে কমিনিউটি ক্লিনিকের ফয়সাল ফারজানাকে নিয়ে পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার বলেন, শিশু শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।