রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৭ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫২ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার
মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আজ শুক্রবার কক্সবাজার পৌঁছেছেন ওআইসির প্রতিনিধি দল। এ দলে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী, সহকারি মন্ত্রীসহ ৭০ জন রয়েছেন। তাদের বহনকারী বিশেষ বিমানটি শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
এরপরই প্রতিনিধি দলটি কলাতলীর একটি হোটেলে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ও আরআরআরসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
সূত্র জানায়, বৈঠকে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি ওআইসি প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে। বৈঠক শেষে প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এরপর বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।
সেখান থেকে ফিরে তাদের পুলিশ লাইন জামে মসজিদে জুমার নামাজ আদায় করার কথা রয়েছে। নামাজ শেষে মধ্যহ্নভোজের পর বিকেলেই প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের অনাগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও শুক্রবারের ওআইসি প্রতিনিধি দলের এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ সরকার। এ সফরকে অর্থবহ করতে দু`পরিদর্শক দলের কাছে রোহিঙ্গা সংক্রান্ত বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য-প্রমাণ উপস্থাপন করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম।
ঢাকায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন শুরু হচ্ছে শনি ও রোববার।
