রাজবাড়ীতে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় তার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইকরামের বাড়িতে শিশুরা খেলা করছিল। তারা খেলতে খেলতে একটি খড়ির ঘরে প্রবেশ করে। ওই ঘরের অন্য পাশে একটি গ্যাসের চুলা ছিল। এ সময় কীভাবে যেন আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৭-৮ ও ২-৩ বছরের দুই শিশু গুরুতর আহত হয়। আগুন লাগার পর ভয়ে তারা দরজা আটকে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একজনের ও ঢাকার একটি হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়।
শরিফুল ইসলাম জানান, আগুনে ইকরাম ও তার প্রতিবেশী বাবুর ছেলের মৃত্যু হয়েছে।
