আখেরি মোনাজাতে অংশ নিতে ট্রেনে চড়ে যাত্রা
নিজস্ব প্রতিবেদকঃ
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৫ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা মানুষেরা টঙ্গির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। মুসল্লিদের সুবিধার্থে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চালু করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, অসংখ্য মানুষ ইজতেমার মাঠে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। যখন যে ট্রেন ছাড়ছে সেই ট্রেনেই যাচ্ছেন তারা। কারণ ইজতেমার বিশেষ পাঁচটি ট্রেনের পাশাপাশি সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে। প্রতিটি ট্রেনের ভেতরে ভিড় থাকলেও কাউকে ছাদে উঠতে দেখা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ইজতেমার বিশেষ পাঁচটি ট্রেনের মধ্যে ভোর ৫টা ২৫ মিনিট, সকাল সোয়া ৭টা ও সাড়ে ৭টার ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। এছাড়া তিস্তা এক্সপ্রেসসহ অন্য ট্রেনগুলোতেও ছিলো মুসল্লিদের ভিড়। পরবর্তী বিশেষ ট্রেন দুটি সকাল ৯টা ও ১০টায় কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
মুসল্লিরা বলেন, দোয়া ধরতে টঙ্গীতে যাচ্ছি। দুনিয়াতে আর বাঁচবো কয় দিন, সবার সঙ্গে যদি আল্লাহ আমার দোয়া কবুল করে এটাই চাওয়া। জানালা দিয়ে দেখলাম ট্রেনের ভেতরে অনেক লোকজন। রাস্তা তো অল্পই, কষ্ট হলেও দাঁড়িয়ে যাওয়া যাবে।
