রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসি জাতিসংঘের সঙ্গে কাজ করবে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৫৯ এএম, ৫ মে ২০১৮ শনিবার
আজ শুক্রবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওআইসি’র প্রতিনিধিদল। পরিদশর্ন শেষে প্রতিনিধিদলটি জানায়, ওআইসি রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
প্রতিনিধি দলের প্রধান হাশেম ইউছেফ জানান, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে নিপীড়ন চালিয়েছে তা সম্পূর্ণই গণহত্যা। বিশ্বব্যাপী এ ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুরু থেকে ওআইসি বাংলাদেশের উদ্যোগের পক্ষে রয়েছে। এখন এ সংকট সমাধানের জন্য সবাইকে কাজ করতে হবে।
তিনি জানান, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধান আলোচনার বিষয় হবে রোহিঙ্গা ইস্যু।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে দুজন গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন। তারা বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি। মিয়ানমারকে এর সমাধান করতে হবে। রোহিঙ্গারা নিরাপদে যেন স্বদেশে বাস করতে পারেন তার জন্য পরিবেশ তৈরির দায়িত্বও মিয়ানমার সরকারের।
এ সময় বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রতিনিধিদলটির সাথে ছিলেন। আজ বিকেলে প্রতিনিধিদলটির কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে।
