রোহিঙ্গা সংকট অবসানে মুসলিম দেশগুলোর সক্রিয়তা প্রয়োজন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ১১:১০ এএম, ৬ মে ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে আমরা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ অবসানে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোর সক্রিয়তা প্রয়োজন।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) মানবতার পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। কাজেই মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের শিকার তখন ওআইসি নিশ্চুপ থাকতে পারে না।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি ফিলিস্তিনের জনগণে সমস্যা দ্রুত সমাধানে ওআইসি কার্যকর পদক্ষেপ নেবে বলেও আমি আশা করছি। আমরা পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা চাই। যুদ্ধ চাই না। সমঝোতা ও শান্তির বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর এক পঞ্চমাংশ জনশক্তি, এক তৃতীয়াংশের বেশি কৌশলগত সম্পদ এবং প্রচুর সম্ভাবনাময় কয়েকটি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশসহ অপার সম্ভাবনা ও সম্পদশালী মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কোনো কারণ নেই।
