রোহিঙ্গাদের জন্য মানবতায় বাংলাদেশ উদাহরণ : ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২১ পিএম, ৫ মে ২০১৮ শনিবার | আপডেট: ১১:৪২ এএম, ৬ মে ২০১৮ রবিবার
মুসলিম দেশগুলোর সঙ্গে রোহিঙ্গা সংকট নিরসনে কানাডা কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঢাকায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন ‘ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স (সিএফএম)’ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে এ ঘোষণা দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা নিধনকে জাতিগত নিধনের প্রামাণ্য দলিল উল্লেখ্য করে তিনি আরও বলেন, এই নিধনযজ্ঞের জন্য দায়ীদের নাম বিশ্বকে জানতে হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবতার হাত বাড়িয়ে বাংলাদেশ বর্তমান বিশ্বে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
নিজে তিন সন্তানের মা জানিয়ে ক্রিস্টিয়া বলেন, রোহিঙ্গা শিশুদের দুর্দশা দেখে আমিও কান্না সামলাতে পারিনি। রাখাইনের সহিংসতার সবচেয়ে ভয়াবহ রূপ হলো ধর্ষণ। জেনেছি সেখানে টয়লেট পর্যন্ত ধ্বংস করা হচ্ছে যাতে নারীরা খোলা জায়গায় যেতে বাধ্য হয়। নিজেরা যেনো ধর্ষকদের দৃষ্টিতে আকর্ষণীয় না হন সেজন্য তারা গায়ে কাদা-মাটি মেখে থাকছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় প্রত্যয়া ব্যক্ত করে বলেন, আমি রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছি। এখনো প্রতিদিন মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে। এর মানে, সে দেশে এখনো তাদের ওপর সহিংসতা চলছে। তাই বিশ্ব সম্প্রদায়কে রাখাইন রাজ্যে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা আদায় করতে হবে এবং অবিলম্বে সহিংসতা বন্ধে সক্রিয় হতে হবে।
রোহিঙ্গাদের সবকিছুর দায় শুধু বাংলাদেশের নয়, এটা পুরো বিশ্বের দায় বলে মনে করেন ফ্রিল্যান্ড। সে কারণে এই সংকটে বাংলাদেশ ও শুধু মুসলিম দেশগুলো নয় কানাডার মতো নন-মুসলিম দেশগুলোকেও এই সহিংসতা বন্ধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে হবে বলে জোর দাবী জানান কানডার এ পররাষ্ট্রমন্ত্রী।
এ বছরের আয়োজনে ওআইসি’র সব সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসিভুক্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্রের প্রধানসহ ৫৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে। তাদের মধ্যে বিভিন্ন দেশের ৪০ জন মন্ত্রী ও সহকারি মন্ত্রী অংশগ্রহণ করছেন এ সম্মেলনে।
