প্রকাশ্যে এলো ব্রিটিশ রাজপুত্রের ছবি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:০৮ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৪:২৬ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
আজও ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে আগ্রহের শেষ নেই বিশ্ববাসীর। রাজপরিবারের নতুন অতিথি প্রিন্স লুইকে নিয়েও আগ্রহ ব্যাপক। আর তাই তো তার প্রথম ছবি প্রকাশ্যে আসার কয়েক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ এই প্রথমবারের মত ব্রিটিশ সিংহাসনের পঞ্চম দাবিদার এই শিশুর দুটি ছবি প্রকাশ্যে এলো।
কেনসিংটন প্যালেস টুইটারে ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের তৃতীয় সন্তান প্রিন্স লুইয়ের দু’টি ছবি প্রকাশ করে৷ একটি ছবিতে দেখা যাচ্ছে লুই’কে চুমু খাচ্ছে বড় বোন শার্লট৷ প্রিন্স লুইয়ের যখন তিন দিন বয়স তখন ছবিটি তোলা৷ অপর ছবিতে দেখা গেছে, সাদা জামা পড়ে কুশনের উপর বসে রয়েছে খুদে প্রিন্স৷ ছবিটি ২ মে তার বড় রোন শার্লটের তৃতীয় জন্মদিনে তোলা৷
তবে বড় ভাই জর্জকে কোনও ছবিতেই দেখতে পাওয়া যায়নি৷ কেনসিংটন প্যালেস টুইট করে জানিয়েছে, কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম তাদের সন্তানদের ছবি সামনে আনতে পেরে খুবই আনন্দিত৷
২৩ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১ টা ১ মিনিটে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে উইলিয়াম-কেট দম্পতির দ্বিতীয় পুত্র প্রিন্স লুইয়ের জন্ম হয়। সেসময় রাজপরিবারের নতুন উত্তরসূরির ওজন ছিল ৮.১ পাউন্ডের সামান্য বেশি।
ব্রিটিশ সিংহাসনের পঞ্চম দাবিদার এই শিশু ’প্রিন্স লুই অব কেমব্রিজ’ নামে পরিচিত হবেন বলে টুইটে জানিয়েছে কেনসিংটন প্রাসাদ।
