পাসপোর্ট করতে গিয়ে আটক দুই রোহিঙ্গা নারী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন দুই রোহিঙ্গা নারী। সোমবার তাদের আটক করা হয়। যাচাই-বাছাইয়ের পর আজ মঙ্গলবার পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দুই রোহিঙ্গা নারীর সঙ্গে বাংলাদেশি এক দালালকেও আটক করা হয়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট করতে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এক নারী ও এক পুরুষ আটক হন। পরে পুলিশ তাদের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠায়।
গতকাল আটককৃত দুই রোহিঙ্গা নারী হলেন সালমা খাতুন (২৬) ও রমিছা বেগম (৩০)। তাদের সঙ্গে আটক হওয়া দালালের নাম সাবিকুন্নাহার। তার বাড়ি রংপুর জেলায়।
জানা গেছে, কাল দুপুরে সালমা ও রমিছা নিজেদের পরিচয় গোপন করে বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন।
পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বলেন, দুই নারীর আচরণে সন্দেহ হলে আমি তাদের জিজ্ঞাসাকরি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দুই নারী নিজেদের বিবাহিত বলে পরিচয় দিলেও তারা নিজেদের স্বামীর নাম বলতে পারেননি। পরে উপপরিচালক ওই দুই নারীর মাধ্যমে দালাল সাবিকুন্নাহারকে ধরে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই নারীরা স্বীকার করেন, তারা রোহিঙ্গা।
জানা গেছে, দুই রোহিঙ্গা নারীকে কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে। দালাল সাবিকুন্নাহারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
