সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার
কুষ্টিয়ার মিরপুরে দুই বছরের ছেলে রেহানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রুবাইয়া আক্তার বিনা (১৮) নামে এক মা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর স্টেশনের ২ কিলোমিটার দূরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিনা উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা এলাকার বিল্লাল হোসেনের মেয়ে এবং ফরিদপুরের আবেদ আলীর স্ত্রী। তিনি এ বছর এইচএসসি পরীক্ষার্থী।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
প্রতক্ষদর্শীরা জানান, বিনা সন্তানকে নিয়ে রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল। ট্রেন আসতে শুরু করলে অনেকে তাকে লাইন থেকে সরে যেতে বললেও তিনি তা শোনেননি।
স্থানীয় ইউপি সদস্য রাকাত আলী জানান, সম্প্রতি এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য মায়ের বাড়িতে আসে বিনা। পারিবারিক কোনো কারণেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
