ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:২২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কনকচাঁপার ক্যানভাসে পাহাড়ী নারীর জীবনচিত্র

প্রকাশিত : ০৮:২৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার | আপডেট: ০৮:২৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের খ্যাতনামা চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার ‌‌‌‌'লাইফ ইজ হিয়ার’ প্রদর্শনী চলছে গুলশান-১-এর ৬০ নম্বর বাড়িতে বেঙ্গল লাউঞ্জে। আজ প্রদর্শনীর দ্বিতীয় দিন। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে প্রদর্শনীতে উঠে এসেছে পাহাড়ী নারী জীবন ও জীবীকা। শিল্পী তুলির টানে প্রতিটি চিত্রকর্মে উপস্থাপন করেছেন পাহাড়ের নারীর জীবন ও কর্মের নানা দিক ও রূপ। পাহাড়িদের দৈনন্দিন জীবনের বর্ণিল উপস্থাপন তাঁর তুলির প্রতিটি আঁচড়ে। আটপৌরে জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন যুগপৎ মূর্ত হয়ে আছে নারীর শক্তিমত্তা আর স্নিগ্ধ সৌন্দর্য। গত দুই বছরে শিল্পী কনকচাঁপা চাকমার এটাই প্রথম একক প্রদর্শনী। পার্বত্য চট্টগ্রামের চাকমা নৃ-গোষ্ঠীর এই জীবনের গান শিল্পী দূর থেকে দেখেননি। তিনি নিজেই সেই জীবনের অংশ, তিনি ওই নৃগোষ্ঠীরই মানুষ। উপরন্তু নারী হিসেবে নারীর জীবনের বয়ান যেন আরও শক্তিময় কনকচাঁপার তুলিতে। পাহাড়ি পথে পিঠে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছেন নারী। কখনো সন্তান কখনো বা বোঝা বয়ে চলা নারীর মুখ সব সময়ই যেন দৃপ্ত। সবচেয়ে বেশি চোখে পড়বে উজ্জ্বল সব রঙের খেলা। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে বর্ণিল পাহাড়ি প্রকৃতি সবখানেই রঙের ছড়াছড়ি। উৎসবের লালের সঙ্গে পাহাড়ি জীবনে মিশে থাকে বিষাদের নীলও। এই লাল কখনো জীবন, এই নীল কখনো ভালোবাসা। ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। ১৭.১১.২০১৪