কোরবানীতে বিদেশী গরুর প্রয়োজন হয় না: প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ১৫ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম.রেজাউল করিম এমপি বলেছেন, কোরবানীর পশুর জন্য এখন আর বিদেশী গরুর প্রয়োজন হয় না। দেশে উৎপাদিত গরু এতই বেড়েছে যে দেশীয় পশুর ১০ ভাগের ১ ভাগও কোরবানীতে বিক্রি হয় না।
আজ বুধবার পিরোজপুর জেলার নাজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের উদ্যোগে আয়োজিত প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জিব চন্দ্র দাসের সভাপতিত্বে অনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরুন কুমার সিকদার এবং নাজিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু।
শ. ম রেজাউল বলেন, আমাদের উৎপাদিত মাছ পৃথিবীর ৫২টা দেশে এবং প্রাণিসম্পদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানী হয়। কোরবানী এলে আগে ভারতের গরুর উপর নির্ভর করতে হত। আর এখন এ নির্ভরতা সম্পূর্ণ কেটে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। আমরা ডিম উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছি, দুধে কাছাকাছি পৌঁছে গেছি।
