চিতাবাঘের সাথে সেলফি, অল্পের জন্য রক্ষা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৬ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার
নেদারল্যান্ডের সাফারি পার্ক। বন্যপ্রাণীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত এ পার্ক। স্বাভাবিকভাবেই সাফারি পার্কে বন্য প্রাণীরা অবাধে ঘুরে বেড়ায় আর দর্শনার্থীরা গাড়ির ভিতর থেকে তাদের দর্শন করে।
সম্প্রতি ফরাসী একটি পরিবার সেখানকার বিকসি বার্গেন সাফারি পার্কে ভ্রমণ করতে যায়। বেড়াতে গিয়ে রাস্তার পাশে চিতাবাঘ দেখে অতি উৎসাহী হয়ে সেখানেই সেলফি তোলার জন্য গাড়ি থেকে নামে বাবা-মা ও ছোট্ট একটি শিশু। কিন্তু তাদের সেই সেলফি তোলার আগ্রহকে মোটেই পছন্দ করেনি চিতাবাঘেরা। এরপর রীতিমতো আগ্রাসী হয়ে ওঠে চিতাবাঘের পাল। এক পর্যায়ে অল্পের জন্য প্রাণ বাঁচিয়ে ফিরতে হয় তাদের।
এ ঘটনাটিকে ভিডিও করেছিলেন পেছনের গাড়িতে বসা এক ব্যক্তি। তাতেই উঠে আসে কী ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল পরিবারটি। প্রথমে পরিবারের পুরুষ সদস্যটি বাঘ দেখে ছবি তোলার জন্য গাড়ি থেকে নামেন। এরপর তার সঙ্গে নারী ও শিশুটিও গাড়ি থেকে নামে। এরপর একে একে সবাই নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা বাঘের পালের হামলার মুখে পড়ে। কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে হয় তাদের।
অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তাদের এ অযাচিত বোকামি নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষ করে শিশুটির জীবন হুমকির মুখে ফেলার জন্য তার বাবা-মাকেই বেশি দায়ী করছেন সকলে। এছাড়া পুরুষ সদস্যটি বাবা হিসেবে কিভাবে এত বড় বিপদের কাজ করলেন এ সমীকরণ মেলাতে পারছে না কেউ।
