সিরাজগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার | আপডেট: ১১:২৭ এএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি পশ্চিমপাড়া থেকে বিউটি খাতুন (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিউটি খাতুন ওই গ্রামের সাচ্চু মিয়ার মেয়ে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নিজের ঘর থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রায় তিনমাস আগে পারিবারিক কলহের জের ধরে বিউটিকে তার স্বামী তালাক দেয়। এরপর থেকে বিউটি তার বাবার বাড়িতে থাকতেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ বছর আগে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের কোচ গ্রামের আব্দুল্লাহ শেখের সঙ্গে বিউটির বিয়ে হয়। সকালে নিজ ঘরের মধ্যে বিউটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
