ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:১৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্তানের সঙ্গে মায়ের রোজা পালন করা হলো না

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:২৬ এএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:২০ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ গ্রামের বাড়ি থেকে ঢাকার সদরঘাটে আসেন নুরজাহান বেগম। যাবেন টঙ্গীতে। সেখানে সন্তান শফিউলের বাসা। তার সঙ্গে ছিলেন শফিউল, তার স্ত্রী আয়েশা, মেয়ে আঁখি ও ভাগ্নি হালিমা। ওঠেন সিএনজিচালিত অটোরিকশায়। ইচ্ছা ছিল রোজার মাসটা সন্তানের সঙ্গে থাকবেন। কিন্তু তার সেই আশা পূরণে বাদসাধল সড়ক দুর্ঘটনা। গুলশানের নতুনবাজারে তাদের অটোরিকশাকে ধাক্কা দেয় মাটিভর্তি একটি ট্রাক। আর এতে সড়কে ছিটকে পড়ে তারমৃত্যু হয়। গতকাল ভোরে গুলশানের নতুনবাজারে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় শফিউল, তার স্ত্রী আয়েশা, মেয়ে আঁখি ও ভাগ্নি হালিমাও আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আয়েশা ও হালিমার অবস্থা আশঙ্কাজনক। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, মাটিভর্তি একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী নুরজাহান বেগম (৭৫) মারা যান। ট্রাকের চালককে শনাক্তের চেষ্টা চলছে।

নুরজাহান বেগমের ছেলে শফিউল জানান, সদরঘাট থেকে অটোরিকশায় তার বাসা টঙ্গী যাচ্ছিলেন। পথে নতুনবাজার এলাকায় মাটিভর্তি একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। আর এতে তারা সবাই আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়। রমজান মাস উপলক্ষে গ্রাম থেকে মা নুরজাহান বেগমকে নিয়ে আসা হয়েছিল।

এদিকে গত রোববার রাত ১২টার দিকে ডেমরা এলাকায় বাইসাইকেল নিয়ে ড্রেনে পড়ে মোহাম্মদ মুরাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুরাদের ভাই জহিরুল বলেন, সাইকেলে বাসায় ফিরছিলেন মুরাদ। বাসার কাছাকাছি গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আবদুল মতিন। তিনি ডেমরার ডগাইরে থাকতেন।