সাংবাদিকদের কল্যাণে সরকার সাধ্যমতো কাজ করছে : শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৮ মে ২০১৮ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র আছে বলেই দেশ এভাবে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের কল্যাণে সরকার সাধ্যমতো কাজ করছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি।আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু আমরা বানাচ্ছি। মানুষ মনে করত বাংলাদেশ একটি দরিদ্র দেশ, তারা হাত পেতে চলবে। কিন্তু আমরা কেন হাত পেতে চলব।
তিনি বলেন, সাইবার ক্রাইম নীতিমালা করছি ক্রাইম রোধ করার জন্য। আমি সাংবাদিকদের বলতে চাই, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অাপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাংবাদিকদের অসুবিধা হয় এমন কিছু করবে না সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সাধ্যমতো কাজ করছে। আমরা ১২ হাজারের বেশি সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছি। বিভিন্ন ভাষা শেখা সাংবাদিকদের দায়িত্ব। এজন্য কয়েকটি অ্যাপসও চালু করা হয়েছে।
নিজেকে সাংবাদিক পরিবারের একজন সদস্য হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতাও সাংবাদিকতা করেছেন। যা তিনি তার আত্মজীবনীতে লিখে গেছেন। সে অর্থে আমিও আপনাদের পরিবারেরই একজন সদস্য। দাবি-দাওয়া ছাড়াই আমি সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিচ্ছি।
স্বদেশ প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমার দেশে ফিরে আসার পর আজ ৩৭ বছর পূর্ণ হলো। কিন্তু প্রেসের কাছ থেকে সহযোগিতা পাইনি। কিন্তু আমি সেগুলো নিয়ে মাথা ঘামাইনি। কারণ আমি জানি আমি কী করছি। ন্যায় ও সত্যের পথে থাকলে সবই সম্ভব।
তিনি বলেন, তবে যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি সরকারের অর্জনগুলো দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরবেন।
সরকারের সমালোচনা করার মনোভাব পরিহার করা উচিত বলে জানিয়ে তিনি বলেন, আমরা সমুদ্র বিজয় করেছি, আকাশ বিজয় করেছি। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বে মর্যাদার আসনে উন্নীত হয়েছি।
শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে করছি, যাতে সব পর্যায়ে উন্নয়ন ঘটে।
তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, দেশের মানুষের কল্যাণের জন্য যে কাজ হচ্ছে, তা তুলে ধরুন। কারণ আমরা পরমুখাপেক্ষী হতে চাই না।
পরে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টা থেকে প্রতিনিধি সম্মেলনের কর্ম অধিবেশন শুরু হবে। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন শতাধিক সদস্য ছাড়াও বাকি ১০টি ইউনিয়ন থেকে আরও ২০০ (ইউনিয়ন প্রতি ২০ জন করে) সদস্য যোগ দেবেন।
