ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সার্ভার জটিলতা ছাড়াই মিলছে ট্রেনের আগাম টিকিট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সার্ভারের ভোগান্তি ছাড়াই তৃতীয় দিনে চলছে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি। রোববার (৯ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের টিকিট। দেশের বিভিন্ন প্রান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে অনলাইন থেকে ট্রেনের অগ্রিম টিকিট কিনছেন যাত্রীরা। 

জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) সার্ভার জটিলতায় ‘রেলসেবা’ অ্যাপসে প্রবেশ করতে পারেননি অনেকেই। আবার প্রবেশ করতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থেকেছেন, পরের ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ (কেনা) সম্ভব হয়নি। এর মধ্যেই কাঙ্ক্ষিত টিকিট শেষ হয়ে যায়।

আজ (রোববার) এই জটিলতা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) সরদার শাহাদাত আলী  বলেন, শনিবারের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি আজ সার্ভার সংক্রান্ত কোনো জটিলতা হচ্ছে না। ঈদযাত্রায় বরাদ্দের চেয়ে যাত্রী কয়েকগুণ বেশি হওয়ায় অনেকে টিকিট পাবেন না এটাই স্বাভাবিক। 

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, রোববার আগাম টিকিট প্রত্যাশীরা সার্ভার জটিলতা ছাড়াই টিকিট কিনতে পারছেন। এখন পর্যন্ত কতগুলো টিকিট বিক্রি হয়েছে এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

তিনি বলেন, শনিবার বুকিংয়ের চাপ বেশি পড়ায় অনেকে পেমেন্ট গেটওয়েতে আটকে গেছেন। প্রতি মিনিটে ৮ হাজার হিট করার সক্ষমতা থাকলেও সার্ভারে হিট পড়ছে লাখের ওপর। আর এ কারণেই জটিলতা তৈরি হয়।

 


রেল কর্মকর্তারা জানান, অ্যাপসে প্রতি মিনিটে কমপক্ষে ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় ৮ হাজার। কিন্তু শনিবার টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই বেশি ছিল। কমপক্ষে সাড়ে ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, আর এ কারণেই জটিলতা তৈরি হয়েছে।

আগামীকাল (সোমবার) বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকেট ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট। রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট।

রেল কর্মকর্তারা আরও বলছেন, বরাবরই প্রথম দুইদিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম থাকে। শেষ দুই দিনের টিকিটের জন্য মানুষের হাহাকার বেশি থাকে। এবার অনলাইনে কয়েক মিনিটেই হয়তো শেষ দুইদিনের টিকিট বিক্রি হয়ে যাবে।