ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওভারব্রিজ ভাঙতে গিয়া মার্কেটে আগুন, দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গাউছিয়া সুপার মার্কেট ও ঢাকা নিউ সুপার মার্কেটকে যুক্ত করেছে ফুটওভারব্রিজ। গত দুদিন ধরে সিটি করপোরেশনের লোকজন আসে ব্রিজটি ভাঙার জন্য। তবে ব্যবসায়ীদের তোপের মুখে ব্রিজ ভাঙতে না পারলেও বৃহস্পতিবার ব্রিজের সিঁড়ি ভেঙে দেয় সিটি করপোরেশন।
ফুটওভারব্রিজটি আরও আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। হঠাৎ ঈদের আগে এসে সিটি করপোরেশন ব্রিজটি ভেঙে ফেলতে তোড়জোড় চালায়।

তবে ব্যবসায়ীরা বলছেন, ব্রিজ ভাঙবে ঈদের পর।  ঈদের আগে বেচাকেনার মধ্যে কেন ব্রিজ ভাঙতে হবে? এতদিন পড়ে রইলো, এখন সিটি করপোরেশন বলেছে ঝুঁকিপূর্ণ।
আগুন লাগা মার্কেটের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান বলেন, দোকান বন্ধ করছি রাত তিনটায়। এরপর বাসায় সেহরি খাওয়ার জন্য যাওয়ার সময় দেখি সিটি করপোরেশন ব্রিজ ভাঙতে এসেছে। তাদের বলা হয় ঈদের আগে কেন ব্রিজ ভাঙতে এসেছেন, ঈদের পর ভাঙেন। বাসায় গিয়ে একটু ঘুম ঘুম ভাব, তখন ফোন আসে মার্কেটে আগুন। এসে দেখি ব্রিজের মাথায় আগুন।

তিনি বলেন, সিটি করপোরেশন রাতে কেন ব্রিজ ভাঙতে আসবে? ব্রিজের মাথায় কেন আগুন? এটি পরিকল্পিত। ব্যবসায়ীদের পথে বসানোর জন্য এই আগুন। এটি ষড়যন্ত্র, সঠিক তদন্তের পর বিচার চাই।
এই ব্যবসায়ী আরও বলেন, গত বছর সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর এতদিন চলে গেল, কেন ব্রিজ ভাঙা হলো না? ঈদের আগে কেন ব্রিজ ভাঙতে এলো?

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মার্কেট আর দোতলার সঙ্গে থাকা সিঁড়ি ভাঙতে গিয়ে মার্কেটে আগুন লাগাইছে।
তিনি আরও বলেন, নিচে কাপড়, উপরে কাপড়, সাইডে কাপড়, এই ওয়েল্ডিংয়ের আগুন কাপড়ে লাইগা মার্কেটে ধাপ কইরা ঢুকে গেছে। এটা সিটি করপোরেশনের সম্পূর্ণ দোষ। এরা ব্রিজ ভাঙতে যায়া মার্কেট জ্বালায় ফেলছে।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
পরে ভয়াবহ এই আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন থেকে মালপত্র রক্ষার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বস্তায় ভরে, দড়ি দিয়ে বড় বড় গাঁটরি বেঁধে ভ্যানে এবং মাথায় বহন করে নিজেদের মালপত্র রক্ষার চেষ্টা করতে দেখা যায়।
এদিকে আগুন দেখতে নিউ সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজে ভিড় করেছেন বহু মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ মানছেন না তারা। ফলে ব্রিজটি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি গাউছিয়া এবং নিউমার্কেটে যাতায়াতের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি জনসাধারণের চলাচল বন্ধ করে দেয ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।