ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪৯:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদযাত্রার চতুর্থ দিনে চলছে ৫৫ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরে এবারের ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে গত সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায়। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এ যাত্রা শুরু হয়। চলবে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত। আজ ট্রেনযোগে ঈদযাত্রার চতুর্থ দিন।

বৃহস্পতিবার আন্তঃনগর ও লোকাল মিলে মোট ৫৫ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ট্রেনযাত্রা ও টিকিট কাটা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। দু’একটু ট্রেন কিছুটা সময় বিলম্ব ছাড়া প্রায় সকল ট্রেনই সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রীরা বলছেন, অনলাইন মাধ্যমে টিকিট কাটায় এবার ভোগান্তিতে পড়তে হয়নি। এর আগের বছরে ২৪ ঘণ্টার অপেক্ষার পরও টিকিট না পাওয়ার যেসব অভিযোগ ছিল, সেটা এবার নেই। যাত্রীরা ঘরে বসেই অনলাইন মাধ্যমে টিকিট কিনতে পেরেছেন।

এদিকে কমলাপুর স্টেশনে টিকিট ছাড়া কেউ প্রবেশের অনুমতি পাচ্ছেন না। টিকিট না থাকলে তাকে দাঁড়ানো টিকিট (স্ট্যান্ডিং টিকিট) কেটে স্টেশনে প্রবেশ অনুমতি নিতে হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছে র্যাব-পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামছে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে আসছে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা শুরুর দিন অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলাচল বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে। এবার ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে গত ৭ এপ্রিল থেকে। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হয় ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৫ এপ্রিল থেকে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট। গত ১৬ এপ্রিল বিক্রি হয় ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং আজ ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে টিকিট ও দাঁড়ানো টিকেট মিলে প্রায় ৬০ হাজারের অধিক যাত্রীরা ঢাকা ছাড়ছেন।