ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৫:৫৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ের বাঁধনে জড়ালেন হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৭ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ২০ মে ২০১৮ রবিবার

শেষ পর্যন্ত বিয়ের বাঁধনে জড়ালেন ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেল। আজ শনিবার থেকে রানি এলিজাবেথের ঘোষণা অনুযায়ী প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তাঁর স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’।

 

বর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের আসরে আসেন মেগান মার্কেল। আর হ্যারি আসেন বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে। উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ছিলেন ৬শ অতিথি। আর টেলিভিশনের পর্দায় বিয়ের অনুষ্ঠান দেখেছেন সারা বিশ্বের কয়েকশ কোটি মানুষ। বিয়ের সাজে ডায়নাপুত্র প্রিন্স হ্যারি। গোলাপ, পিওনি আর ফক্সগ্লোভস ফ্লাওয়ারে সাজানো হয় বিয়ের ভেন্যু। অসুস্থতার কারণে বাবার অনুপস্থিতিতে হবু শ্বশুর ডিউক অব কর্নওয়াল প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের ভেন্যুতে পৌঁছেন হবু ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি মেগান মার্কেল।

 

সুখ-দুঃখ, সুসময়-অসময়ে, চিরজীবন ভালোবাসার বাঁধনে একসঙ্গে থাকার যৌথ অঙ্গীকারে করে জীবনের সূচনা করেন হ্যারি-মেগান। প্রিন্স হ্যারির বিয়ের আংটি প্ল্যাটিনাম ব্যান্ডের আর ওয়েলশ গোল্ডের আংটি মেগানের। বিয়ের উপহার হিসেবে রানী এলিজাবেথের কাছে থেকে প্রিন্স হ্যারি পেয়েছেন ডিউক অব সাসেক্স উপাধি আর মেগান হলেন ডাচেস অব সাসেক্স। সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের ছয়শ আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন অপরাহ উনফ্রে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম, স্যার এলটন জন ও সেরেনা উইলিয়ামস।

 

বিয়ের ভেন্যুর বাইরে অতিথি ছিলেন আরো বারোশ। বিয়ের পর রাজকীয় রীতি অনুযায়ী পুরো শহর ঘুরে বেরিয়েছেন নতুন দম্পতি। এরপর ফিরে আসেন প্রাসাদে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে ফ্রগমোর ক্যাসেলে প্রিন্স চার্লসের দেয়া সংবর্ধনা। এখানে অতিথি দুইশ। রাজকীয় বিয়ে আর নবদম্পতিকে এক নজর দেখতে উইন্ডসর ক্যাসেলের আশপাশে জড়ো হন লাখো শুভাকাঙ্খী। সবাই নবদম্পতীর সুখী জীবন কামনা করেন।