আজ চা শ্রমিক দিবস, বঞ্চিত শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২০ মে ২০১৮ রবিবার | আপডেট: ০২:১৫ পিএম, ২১ মে ২০১৮ সোমবার
আজ রোববার ২০ মে চা শ্রমিক দিবস। প্রতি বছর এই দিন দেশের চা শ্রমিকরা ‘চা শ্রমিক দিবস’ পালন করে আসছে। দেশের বিভিন্ন চা বাড়ানে প্রায় বিনা পয়সায় শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। এসব শ্রমিকদের অধিকাংশই নারী।
এখনও কল্পনাতীত কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন চা শ্রমিকরা। এখনও মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছেন তারা। এখনও নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়ছেন এ মানুষগুলো। ২০ মে-কে `চা শ্রমিক দিবস` ঘোষণা করা এবং দৈনিক মজুরি ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করাসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবী এখনও আলোর মুখ দেখেনি।
আজ থেকে ৯৭ বছর আগে, ১৯২১ সালের ২০ মে শত শত চা শ্রমিকের রক্তে রঞ্জিত হয়েছিলো চাঁদপুর সংঘটিত হয়েছিলো ইতিহাসের এক নৃশংস-বর্বর হত্যাকান্ড। বৃটিশ শাসনামলে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চলে চা উৎপাদন শুরু করে বৃটিশ মালিকেরা। উন্নত জীবনের লোভ দেখিয়ে উপমহাদেশের দারিদ্র্যপীড়িত বিভিন্ন এলাকা থেকে গরীব মানুষদের এনে চা-বাগানের কাজে লাগিয়েছিলো বাগান মালিকেরা।
নামমাত্র মজুরিতে অমানুষিক পরিশ্রম করতে বাধ্য করা হয় অসহায় শ্রমিকদের। দিনের পর দিন অবর্ণনীয় শোষণ-নির্যাতন ও মানবেতর জীবন যাপনে অতীষ্ঠ হয়ে একসময় শ্রমিকরা কাজ ছেড়ে নিজেদের এলাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ‘মুল্লুক চলো’ আওয়াজ তুলে প্রায় ৩০ হাজার শ্রমিক চাঁদপুরে এসেছিলো স্টিমারে স্ব স্ব এলাকায় ফিরে যাওয়ার জন্যে। সেখানে বাধা দেয় মালিকপক্ষ।
বাগান মালিকদের স্বার্থরক্ষাকারী বৃটিশ সরকারের গোর্খা সৈন্যরা পাখির মতো গুলি করে হত্যা করে শত শত মেহনতি মানুষকে। তাদের লাশ ভাসিয়ে দেয়া হয় মেঘনা নদীর পানিতে। এরপর থেকে ২০ মে চা-শ্রমিকেরা ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন। চা শ্রমিক দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান এবং লস্করপুর চা বাগানে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
