আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়লেন আবদুল হামিদ
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গভবনের দীর্ঘ অধ্যায় শেষ করে আজ সোমবার (২৪ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের শেষ কার্যদিবস ছিল গতকাল রবিবার।
২০১৩ সালে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি। এর পর দুই মেয়াদে বঙ্গভবনে ১০ বছরেরও বেশি সময় কেটেছে তার। প্রথমবারের মতো এমন সৌভাগ্য লাভ করা ব্যক্তিত্ব আবদুল হামিদের আজ বিদায় নিলেন। নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে তাঁকে।
বিদায় অনুষ্ঠানের শুরুতেই আবদুল হামিদকে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে দেওয়া হয় গার্ড অব অনার। পরে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফুলে সজ্জিত একটি খোলা জিপে ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করেন রাষ্ট্রপতি। এ সময় তার গাড়ির সামনে ছিল পুলিশের বিশেষ অশ্বারোহী দল।
বঙ্গভবনের কর্মকর্তারা গাড়ির সামনে রশি বেঁধে রাষ্ট্রপতির গাড়ি টেনে নিয়ে যান মূল ফটক পর্যন্ত। দুই পাশে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা দাঁড়িয়ে এ সময় সড়কে ফুলের পাপড়ি ছিটিয়ে রাষ্ট্রপতিকে বিদায়ের আয়োজনে অংশ নেন।
আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়লেন দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন থেকে রাজকীয় বিদায়ের পর নিরাপত্তা বলয়ে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গাড়িযোগে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ নিয়ে যাওয়া হয়।
এদিকে বঙ্গভবন ছাড়ার আগেই তার নিকুঞ্জের বাসায় পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়। রাস্তায় ফুলের পাপড়ি ছিটিয়ে আবদুল হামিদকে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতির বিদায়ে এমন সংবর্ধনার আয়োজন করা হলো।
এর আগে কোনো রাষ্ট্রপতিকে নিজেদের আয়োজনে বিদায় জানানোর সুযোগ হয়নি বঙ্গভবনের। এবার সেই সুযোগ পেয়ে আগেই বিশাল আয়োজনের প্রস্তুতি নেন কর্মকর্তা ও কর্মচারীরা। বঙ্গভবনের প্রতিটি বিভাগের পক্ষ থেকে তাকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। নতুন রাষ্ট্রপতির শপথ ও আবদুল হামিদের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক হাজারের বেশি অতিথি।
২০১৩ সালে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। এরপর দুই মেয়াদে বঙ্গভবনে ১০ বছর ৪১ দিন সময় কেটেছে তার।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন আবদুল হামিদ। শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির চেয়ারে বসেন মো. সাহাবুদ্দিন। আর শপথ নেওয়ার আগে নতুন রাষ্ট্রপতি যে চেয়ারে বসেছিলেন, সেখানে বসেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় তিনি রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন।
