ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৬ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

সাতক্ষীরার বিরল রোগে আক্রান্ত দশ বছরের শিশু মুক্তামনি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো। সাতক্ষীরায় নিজ বাসভবনে বুধবার সকালে সে মৃত্যুবরণ করে।

 

এর আগে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার এক মাস পরেই আবারো চিকিৎসার জন্য ঢাকায় আসার কথা থাকলেও এখনো তা সম্ভব হয়ে ওঠেনি। শিশুটির এমন দুর্দশা দেখে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছিলেন স্বজনরা। তখন তারা জানিয়েছিলেন, `রক্ত ঝরছে। আগে যেমন পোকা হত, তেমনই হচ্ছে। গন্ধও হয়।`

 

তাই সব মিলিয়ে ভালো ছিলেন না সাতক্ষীরার কামার বায়সা গ্রামের বিরল রোগে আক্রান্ত মুক্তামনি। তার এ আকুতি বলে দেয় কতটা ব্যথা আর যন্ত্রণা সহ্য করে বেঁচে ছিলো শিশুটি। শিশুটির বাবা জানান, ৬ মাস ধরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসার পর গত ২২ ডিসেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরে সে। এরপর কিছুদিন মুক্তামনি ভালো থাকলেও গত কয়দিন ধরে তার অবস্থা আবারো খারাপের দিকে যায়। আগের চেয়ে তার ডান হাতটি এখন আরো ফুলে গিয়েছিলো। অস্ত্রোপচারের স্থান থেকে রক্ত ঝরার পাশাপাশি বাসা বেঁধেছে পোকা। হাতে ব্যান্ডেজ ও ড্রেসিং করতে হচ্ছিলো নিয়মিত। মেয়ের এমন দুর্দশা দেখে অসহায় বাবা-মা।

 

মুক্তামনির বাবা বলেন, `ডাক্তারেরা বলেছিলেন, আমরা একমাস পরে ডেকে নেব। শীতের সময় ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। বলেছিল তখন বার্ন ইউনিটে রোগীর চাপ। গরমে ডাকবে। এরকম করে ৪ মাস চলে গেল।` সারাদিন বিছানায় শুয়ে বসে থাকা শিশুটি আবারো সুস্থ হয়ে ছুটোছুটি করবে, সেই অপেক্ষায় দিন গুনছিলেন স্বজন ও এলাকাবাসী। তাদের সেই আশা আর বাস্তবে সম্ভব হলো না। অবশেষে মারা  গেলে মুক্তামনি।