ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৫:৫৯:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৪০ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে আরো একজন নারী গভর্নর পেতে যাচ্ছে। জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হতে পারেন স্টেসি আব্রাম। এই অঙ্গরাজ্যের প্রথম নারী কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার পথে বড় বাধা অতিক্রম করেছেন জর্জিয়ার সাবেক এই আইনপ্রণেতা ও লেখক স্টেসি আব্রাম।


মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তিনি বিজয়ী হয়েছেন। দলীয় প্রাইমারিতে আব্রাম ৪০ বছর বয়সী স্টেসি ইভানসকে তিন-চতুর্থাংশ ভোটে পরাজিত করেন।


রিপাবলিকান পার্টির প্রাইমারিতে বিজয়ী লেফটেন্যান্ট গভর্নর কেসি কেগলকে ২৪ জুলাই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের সঙ্গে রান-অফে লড়তে হবে। এদের মধ্যে আব্রামের প্রতিদ্বন্দ্বী কে হবে, সেদিনই তা ঠিক হবে বলে জানিয়েছে বিবিসি।


কট্টর রক্ষণশীল এ রাজ্যে বিজয়ী হতে পারলে আব্রাম হবেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম ব্যক্তি ও প্রথম নারী যিনি জর্জিয়াকে নেতৃত্ব দেবেন। নভেম্বরের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে হারাতে পারলেই যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার যোগ্যতা অর্জন করবেন ৪৪ বছর বয়সী আব্রাম।


বর্তমানে যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য নারী গভর্নরদের হাতে পরিচালিত হচ্ছে যারা সবাই শ্বেতাঙ্গ। আলাবামা, আইওয়া, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ওরেগন ও রোড আইল্যান্ডের এ গভর্নরদের মধ্যে চারজন রিপাবলিকান, বাকি দুজন ডেমোক্রেট।