ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৭ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার

বিশিষ্ট ভারতিয় অভিনেত্রী ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুকে কথা বলেছেন।

 

আজ বৃহস্পতিবার প্রায় ১৪ মিনিটের বক্তব্যে প্রিয়াঙ্কা রোহিঙ্গাদের নানা সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। বিশেষ করে নারী ও শিশুদের নানা সমস্যার কথা জানান তিনি। প্রথমেই পরিষ্কার পানি সংকটের কথা তুলেন ধরেন এই তারকা। 


বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ফেসবুক পেজে লাইভে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় রোহিঙ্গা শিশুদের করুণ দশার বর্ণনা দেন তিনি।


এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাবও দিয়েছেন প্রিয়াঙ্কা। শিশুদের নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াংকা বলেন, এখানে পাশাপাশি রয়েছে শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা। ফলে বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।


এক ভক্তের প্রশ্নের জবাবে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কি? তাদের সবাই বলে ওঠে, আমি স্কুলে যেতে চাই। এ ছাড়া বলে, সে সাংবাদিক হতে চায়।

 

তিনি বলেন, এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। তবে তারা এখন মৌলিক শিক্ষা পাচ্ছে। শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে।


প্রিয়াঙ্কা বলেন, শিশুদের ধর্ম কী, বাবা-মা কে, এদের পরিচয় কী-এগুলো বড় বিষয় নয়। এখন এদের দরকার সবার সহানুভূতি। রোহিঙ্গা শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।