শেরপুরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৯ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার
শেরপুরের ঝিনাইগাতীতে ফজিলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফজিলা খাতুন হাতিবান্ধা গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী।
পুলিশের ভাষ্যমতে, বুধবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ফজিলা। আজ বৃহস্পতিবার ভোররাতে ওই বৃদ্ধার ছেলের বউ তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে বসতবাড়ির পশ্চিম পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধার সন্তানদের মধ্যে পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে, কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
