ঢাকা, শুক্রবার ১৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধু-১ এর বাণিজ্যিক কাজ শুরু হবে দ্রুত : তারানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৭ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যেই সিগনাল পাঠানো শুরু করেছে। আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে আমরা এর বাণিজ্যিক প্রক্রিয়া শুরু করতে সক্ষম হবো।


তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার আছে। এর মধ্যে ২০টি আমাদের দেশে ব্যাবহার হবে বাকি ২০টি বিভিন্ন দেশে ব্যবহার করা হবে।

 

আজ শনিবার  টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

 

প্রতিমন্ত্রী বলেন, দুযোগপূর্ণ আবহাওয়ায় দেশে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে সারাদেশের তথ্যপ্রযুক্তির যোগাযোগ বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থাকার কারণে এখন থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা থাকবে এবং ইন্টারনেট সেবা বিস্তৃত হবে।

 

তিনি আরো বলেন, আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হওয়ার মর্যাদা পেয়েছি সেটি যেমন গৌরবের, তেমনি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণও বাংলাদেশের জন্য খুবই গৌরবের।

 

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে দেশে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার ৭/৮ বছরের মধ্যে এর ব্যয় উঠে আসবে।

 

তিনি আরো বলেন, নবম ওয়েজবোর্ডের মধ্যে ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অর্ন্তভুক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দুই তিন মাসের মধ্যে অনলাইন পত্রিকার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করা হবে।