আজ রাজপথে নামবেন খালেদা
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৪ জানুয়ারি ২০১৫ রবিবার | আপডেট: ০৮:৪২ পিএম, ৪ জানুয়ারি ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা : পূর্বঘোষিত সকল কর্মসূচি সফল করতে সকল ব্যারিকেড ভঙ্গ করে আজ সোমবার রাজপথে নামবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ তথ্য জানান।
তিনি আরো জানান, পূর্বঘোষিত কর্মসূচিতে খালেদা জিয়া অংশগ্রহণ করবেন। পুলিশ তাকে অবরুদ্ধ করে রাখা স্বত্তেও রাজপথে নামার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম আমাদের বলেছেন কোনো নির্দেশের অপেক্ষা না করে দলমত নির্বিশেষে শান্তিপূর্নভাবে কালো পতাকা ও বিক্ষোভ সমাবেশ পালন করতে।’
দলীয় সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করবেন। যদি বাধা দেওয়া হয় তাহলে পায়ে হেঁটে বের হওয়ার চেষ্টা চালাবেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশ তাকে বাধা দেয়। বেশ কিছুক্ষণ গাড়িতে অবস্থান শেষে নিজ কক্ষে ফিরে যান। মূলত তখন থেকেই তিনি ‘অবরুদ্ধ’ আছেন।
রবিবার সকাল থেকেই গুলশানে নিরাপত্তা জোরদার করা হয়। গুলশানের ৮৬ নম্বর সড়কে ৬ নম্বর বাড়ির খালেদা জিয়ার কার্যালয়ের সামনের রাস্তার দুই মাথায় বসানো হয় কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী।
কার্যালয়ের সমান দিয়ে পুলিশ সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে। এ ছাড়া কার্যালয় মূল ফটক ঘেঁষেই রয়েছে পুলিশের অবস্থান। র্যাব, পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রয়েছে।
গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে খালেদা নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে দিকনির্দেশনা দেন। যে কোনো মূল্যে কর্মসূচি সফল করার জন্য সকল স্তরের জনগণকে নিয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান। এ ছাড়া দলের নেতাদের নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে রাজপথে থাকার জন্যও কর্মীদের নির্দেশ দেন তিনি।
০৫.০১.২০১৪
