ভারতে জুয়ার বাজি স্ত্রী ধর্ষণের শিকার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৭ এএম, ২ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫৭ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
ভারতের ওড়িশা রাজ্যে এক লোক বন্ধুর সঙ্গে জুয়ায় হেরে বাজি হিসেবে নিজের স্ত্রীকে তুলে দিয়েছেন বন্ধুর হাতে। এমন কি স্ত্রীকে ধর্ষণ করতে সহযোগীতা করেছেন ওই বন্ধুকে। খবর বিবিসি বাংলার।
জানা গেছে, ওড়িশার ওই বাসিন্দা বন্ধুর সঙ্গে জুয়া খেলতে নেমেছিলেন স্ত্রীকে বাজি রেখেই। সেই জুয়ায় হেরে যান তিনি। খেলার শর্ত হিসেবে স্ত্রীকে তুলে দেন জয়ী ব্যক্তির হাতে। সেই ব্যক্তি পরাজিত ব্যক্তির স্ত্রীকে ধর্ষণও করেন।
ঘটনাটি গত সপ্তাহের হলেও সম্প্রতি সামনে এসেছে, যখন স্থানীয় থানা অভিযোগ নিতে অস্বীকার করে।ফলে জেলার পুলিশ সুপারকে হস্তক্ষেপ করতে হয়। কিন্তু ততদিনে নির্যাতিতার স্বামী এবং ধর্ষণে অভিযুক্ত দুজনেই পলাতক। খবর বিবিসি বাংলার।
পুলিশ বলছে, বালেশ্বর জেলার বাসিন্দা এক নারী তাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে, তার স্বামী জুয়া খেলায় হেরে গিয়ে স্ত্রীকে তুলে দিয়েছিল জুয়াতে জয়ী ব্যক্তির কাছে। গ্রামের বাইরে নিয়ে গিয়ে সেই ব্যক্তি ধর্ষণ করেন ওই নারীকে।
ভারতীয় আদালতের নির্দেশে নির্যাতিতাদের নাম প্রকাশ অপরাধ। তাই বিবিসি প্রতিবেদনে তার নাম প্রকাশ করেনি।
ঐ নির্যাতিতা বিবিসিকে টেলিফোনে জানিয়েছেন, ‘সেদিন রাত ১১টা নাগাদ স্বামী বাড়িতে ফেরে। বলে তার সঙ্গে যেতে হবে। অত রাতে কোথায় যেতে হবে, বাচ্চারা ঘুমোচ্ছে-এসব বলেছিলাম আমি। কিন্তু স্বামী শোনে নি। কোনও জবাব না দিয়ে একরকম জোর করেই নিয়ে যায় গ্রামের বাইরে। সেখানে তার এক বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল।’
ঐ নারী জানান, সেই ব্যক্তিকে স্বামীর বন্ধু হিসাবে তিনি ভাই বলে সম্বোধন করেন তিনি। সেই ব্যক্তি তার হাত ধরে টানছিল। অনেক মিনতি করেছিলেন নির্যাতিতা। শেষে তার স্বামীই ওই ব্যক্তির হাতে জোর করে তুলে দেয়। তারপরে স্বামীর সামনেই তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
তিনি তখনও জানতেন না যে, তাকে বাজি ধরে জুয়া খেলতে বসেছিলেন স্বামী এবং তিনি পরাজিত হওয়ায় তাকে ধর্ষিত হতে হল। পরের দিন ওই নির্যাতিতার মেয়ে গোটা ঘটনা জানায় তার দাদু অর্থাৎ নির্যাতিতার বাবাকে।
তিনি ওই নারীর শ্বশুরবাড়িতে এসে সবার কাছে ঘটনার সত্যতা জানতে চান। কেউই স্বীকার করেন নি।গ্রামের মাতব্বররাও জানত না বিষয়টি। শেষে মেয়ে আর তার সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান তার বাবা।
তারপরে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ওই নির্যাতিতা, সঙ্গে তার বাবাও ছিলেন। কিন্তু অভিযোগ না নিয়ে মিটমাট করে নিতে পরামর্শ দেওয়া হয় তাদের।
বালিয়াপুল থানার অফিসার ইনচার্জ শ্যামসাগর পান্ডা অবশ্য অভিযোগ না নেওয়ার কথা অস্বীকার করেছেন।
তিনি বিবিসিকে জানিয়েছেন, ‘আমি দিন দুয়েক ছুটিতে ছিলাম। ফিরে এসেই ঘটনা জানতে পারি। তারপরেই ঐ নারীর অভিযোগ লিপিবদ্ধ করা হয়। তাকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। আর তার স্বামী এবং জুয়া খেলায় জয়ী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে নির্যাতিতার বাবা বিবিসিকে জানিয়েছেন, ‘পুলিশ সুপারের আদেশের পরেই মামলা নেওয়া হয়েছে। আর তারপরেও এমনভাবে আমার মেয়েকে জেরা করা হচ্ছে, নানা অস্বস্তিকর প্রশ্ন করা হচ্ছে, যেন মনে হচ্ছে তার স্বামী নয় আমার মেয়েই অপরাধী।’
তবে যতদিনে অভিযোগ জমা পড়েছে, ততদিনে নির্যাতিতার স্বামী এবং ধর্ষণকারী, দুজনেই পালিয়েছে।
