স্কুটার নারীর চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে: ইন্দিরা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতা নারী উদ্যোক্তাদের স্বল্প সুদের ঋণে স্কুটার ও ঋণের চেক হস্তান্তর করেছেন। তিনি বলেন, স্কুটার নারীর নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজায় অবস্থিত জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পাঁচজন নারীর হাতে মোট ৭ লাখ ৪৫ হাজার টাকার ঋণের আওতায় পাঁচটি টিভিএস স্কুটার হস্তান্তর করেন। এছাড়াও তিনি জয়িতা ফাউন্ডেশনের ৭৫ জন নারী উদ্যোক্তাকে মোট ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। স্কুটার বিতরণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে জয়িতা ফাউন্ডেশন থেকে নারী উদ্যোক্তাদের জন্য রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড। আজকে যারা এ ঋণ পাচ্ছেন, আশা করি তারা ভালভাবে এ অর্থ ব্যবসায় বিনিয়োগ করবেন। দক্ষতার সঙ্গে নিজেদের ব্যবসা পরিচালনার মধ্যমে নিজে ও অন্য নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাবেন।
তিনি আরো বলেন, গণপরিবহনে নারীদের চলাচল করতে গিয়ে নানারকম ঝক্কিঝামেলা মোকাবিলা করতে হয়। যার প্রভাব পড়ে তাদের কাজে। তাই নারীদের নিরাপত্তা রক্ষায় একশ বাসে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, নারীদের হাতে স্কুটার দেওয়ার মধ্য দিয়ে তাদের ইচ্ছা মতো চলাচলের স্বাধীনতা নিশ্চিত হবে। পথ চলতে পদে পদে তাদের যে ভোগান্তি, তা দূর হবে।
জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিভি এস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন, সিটি ব্যাংক লিমিটেডের হেড অব এসএমই কামরুল হাসান মেহেদি, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
এছাড়া জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড থেকে মাত্র ৫ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হচ্ছে। সিটি ব্যাংক লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেডের মাধ্যমে ঋণ বিতরণ করা হচ্ছে। ফান্ডে বর্তমানে বিদ্যমান ৩৭ কোটি টাকার মধ্যে সাড়ে ১১ কোটি টাকা নারী উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। এছাড়া করোনার সময় প্রণোদনা প্যাকেজের আওতায় ৩৮২ জন নারী উদ্যোক্তাকে ৩০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
