মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২ জুন ২০১৮ শনিবার | আপডেট: ০২:২৪ পিএম, ৩ জুন ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণী সভায় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, "মাদকাসক্ত যে কোনো দলের হোক, তাদের রেহাই দেওয়া হবে না এবং দেওয়া হচ্ছে না। যুব সমাজকে বাঁচাবার জন্য এবং আমাদের আগামী বংশধরদের বাঁচাবার জন্য মাদকের বিরুদ্ধে শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। আর এখন একদলের কথা হচ্ছে এটা `মানবাধিকার লঙ্ঘন হয়েছে`।"
প্রধান অতিথির বক্তব্যে প্রশ্ন রেখে কৃষিমন্ত্রী বলেন, `নেশার টাকার জন্য ছেলে বাপকে মেরে ফেলছে, বাপের মানবাধিকার নাই? নেশার টাকার জন্য যে ছেলে বাপকে খুন করছে তার মানবাধিকার নিয়ে আমাদের কাঁদতে হবে? ঐশী, তার বাবা-মা দুজনকে নেশাগ্রস্ত অবস্থায় হত্যা করল, ঐশীর মানবাধিকার আছে; আর যে দুজন মারা গেল বাবা-মা তাদের মানবাধিকার নাই?`
এর আগে মতিয়া চৌধুরী উপজেলার চারটি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণির মেধাক্রম অনুসারে প্রথম ১০ জনের মাঝে একটি করে মোট ১৫০টি সিনথেটিক শাড়ি, ২০৪টি থ্রিপিচ ও মেধাক্রম অনুসারে প্রথম ১০ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে ৫০০ টাকা বিতরণ করেন। এ ছাড়া দুঃস্থ-অসহায়দের মাঝে একটি করে মোট ৬৮০টি গেঞ্জি, ৪০০ টি শার্ট, ৩ হাজার ১২টি শাড়ি ও নিজ তহবিল থেকে খেজুর বিতরণ করেন।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
