স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ায় বাবা জেলে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৫ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৫০ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার
রাজশাহীতে স্কুলপড়ুয়া মেয়েকে (১৩) বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার দায়ে জেলহাজতে পাঠানো হয়েছে মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে। এই ঘটনা ঘটেছে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের আরাজি একতারপুর গ্রামে।
আটক দুইজনকে আজ মঙ্গলবার দুপুরে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার সাইদুল ইসলাম (৪০) ও সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান (৪৫)। এছাড়া অন্যান্য আসামিরা হলেন, বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন (৩৫) ও মৌলভী সুমন(৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ আটককৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।
